পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল চত্বরের সামনে সোহাগ (৩৯) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি নান্নু কাজীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার বেলা ১১টায় র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেন।
এর আগে গত সোমবার রাত ১টার দিকে র্যাবের একটি টিম নারায়ণগঞ্জের বন্দরের নান্নুর মামার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মো. নান্নু কাজী শরীয়তপুরের ডামুড্যা উপজেলার প্রিয়কাঠি গ্রামের আবদুল কাদের কাজীর ছেলে। র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর নান্নু তার মামার বাড়ি বন্দরের বালিয়া গ্রামে আত্মগোপনে ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন নান্নু।
উল্লেখ্য, গত বুধবার মিটফোর্ডে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং পাথর দিয়ে দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। সোহাগ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার নিহতের বোন মঞ্জুয়ারা বেগম একটি হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়।
/এসটিও