আজ বিকেল ৫টায় মানিক মিয়া এভিনিউতে প্রধান উপদেষ্টা ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। ওই অনুষ্ঠানে রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার জন্য আগেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। কিন্তু, রাজশাহীতে রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি পছন্দ না হওয়ায় বিক্ষোভ শুরু করেছেন কর্মসূচিতে যোগ দিতে চাওয়া ছাত্র-জনতা।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজশাহী স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
বিক্ষোভকারীরা বলছেন, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। সে অনুযায়ী সকালে তার স্টেশনে এসে দেখতে পান বরাদ্দকৃত ট্রেনটি যাত্রা উপযোগী নয়। একই সঙ্গে দ্রুততম সময়ে পৌঁছানো যাবে না। সে কারণে ভালো ট্রেন ও বগির জন্য তারা আন্দোলন করছেন।
এ বিষয়ে রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ভালো মানের বগিসহ ভালো ট্রেনের ব্যবস্থা করার চেষ্টা করছেন তারা।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ ট্রেনগুলো পরিচালনার জন্য তারা একটি সূচি তৈরি করেছেন। এর মধ্যে রংপুর থেকে আসা ট্রেনটি যাত্রা শুরু করবে কর্মসূচির আগের দিন, ৪ আগস্ট রাত সাড়ে ১১টায়। এর বাইরে দূরের গন্তব্য চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ৫ আগস্ট ভোরে ট্রেনগুলো ছেড়ে আসবে। ঢাকার আশপাশের জেলা গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেনগুলো ছাড়বে দুপুরের আগে আগে। অনুষ্ঠান শেষে দূরের গন্তব্যের ট্রেনগুলো আগে ফিরতি যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে কাছের গন্তব্যের ট্রেনগুলো ছাড়বে।
/এমএইচআর