আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা যাবে না। নির্বাচন পেছালে দেশের শত্রুরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারের মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের সময় ছোট দলের প্রার্থীরা নিরাপদে এবং নিশ্চয়তার সাথে প্রচারণা চালাতে পারবে কিনা—তা নিয়ে শঙ্কা রয়েছে। সেইসঙ্গে পুলিশ, আমলা, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ না থাকায় সুষ্ঠু নির্বাচনের প্রশ্নও দেখা দিয়েছে।
তিনি বলেন, বিশ্বমানের নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস রয়েছে অন্তর্বর্তী সরকার প্রধানের। কিন্তু ভালো নির্বাচনের জন্য শ্রেষ্ঠ নির্বাচন প্রস্তুতি দেখা যাচ্ছে না কমিশনের। সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় আছে দেশের মানুষ। সেই অধিকার নিয়ে কাজ করতে হবে সরকারকে। ৬০ বছর পর কেন ভালো নির্বাচন চাইতে হবে।
সংবাদ সম্মেলনে এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরআর