ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোট এফ বি মায়ের দোয়ার আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
এসব জেলেরা হলেন- আব্দুর রাজ্জাক, রাকিব, মো. ফারুক, মো. কামাল, আলম, মো. জাকারিয়া, মো. সজীব ও রাকিব। এদের বাড়ী পিরোজপুর ও বরগুনা জেলায় বলে জানিয়েছে কোস্টগার্ড।
সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া (ঢাকা) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ১৪ আগস্ট এফ বি মায়ের দোয়া নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে আটজন জেলেসহ সমুদ্রে যাত্রা করে। এরপর ইঞ্জিন বিকল হওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে ফিশিং বোটটি সমুদ্রে ভাসতে থাকে।
তিনদিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোটটি রোববার সকালে মোবাইল নেটওয়ার্কে আসলে ওই বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ ফোন করে বিষয়টি অবগত করেন। সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করেন। স্বল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন নম্বর-৫ বয়ার সমুদ্র এলাকা হতে আটজন জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হাড়বারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।
সময়ের আলো/এসটিও