বাগেরহাটের মোংলা উপজেলার আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান মোড়লকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী হিসেবে পদ দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি এলাকায় অবস্থান করছেন।
আওয়ামী লীগ সরকারের আমল থেকে এলাকায় চলে আসা তার অবৈধ মাদক ও জুয়ার কারবার ঠিক রাখতেই তিনি এখন নতুন দলে ভিড়েছেন বলেও অভিযোগ উঠেছে। এদিকে গুঞ্জন ও অভিযোগ উঠছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি এনসিপিতে পদ নিয়েছেন।
মতিয়ার রহমান মোড়ল উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং একই ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার। তিনি কয়েক দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
তার মতো চিহ্নিত আওয়ামী নেতাকে এনসিপিতে পদ দেওয়ার বিষয়টি আওয়ামী লীগকে পুনর্বাসন ছাড়া কিছুই নয় বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
পৌর বিএনপি নেতা এমরান হোসেন ও সফিকুল ইসলাম শান্ত বলেন, মতিয়ার রহমান মোড়ল একজন আওয়ামী লীগের নেতা। তাকে এনসিপিতে পদ দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। আমরা এমন কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনূর সরদার বলেন, যদি এমন হয়ে থাকে তাহলে সেটি কোনোভাবে যুক্তিসম্মত নয়।
পৌর যুবদল নেতা বিএম ওয়াসিম আরমান বলেন, শুনেছি লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান মোড়ল এনসিপিতে পদ নিয়েছেন। মূলত টাকার বিনিময়ে আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করা হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
অভিযুক্ত মতিয়ার রহমান মোড়ল বলেন, আমি এনসিপির কোনো কমিটিতে নেই বলেই ফোন কেটে দেন।
এনসিপির চাঁদপাই ইউনিয়ন সমন্বয় কমিটির অনুমোদন দিয়েছেন এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মৃধা মাজেদুল ইসলাম।
তিনি বলেন, কোনো আওয়ামী লীগ আমাদের কমিটিতে থাকতে পারবেনা। কেউ যদি থেকে থাকে তাহলে তাকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার করা হবে।
এমএইচ