পাবনা জেলার আতাইকুলা থানাধীন লক্ষীপুর ইউনিয়নের চতরা বিলের গভীরে গোপন আস্তানায় ‘ময়েজ বাহিনী’র অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার ও গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটক দুইজন হলেন- পাবনা সদরের নিয়ামতপুর ইউনিয়নের মনিরুল ইসলাম (৩০) ও মালিগাছা খুদাইপুর গ্রামের ধীরাজের ছেলে রেজাউল (৪০)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চতরা বিল এলাকার ‘ময়েজ বাহিনী’ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় বিলের মধ্যে লুকানো ঘাঁটি থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারের মতো উপকরণসহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্থানীয়ভাবে সংগঠিত ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। তবে এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা না সেটির জন্য তা রাতভর অভিযান পরিচালনা করা হয়েছে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল্লাহ জানান, ‘ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদেরও আইনের আওতায় আনা হবে। অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম একটি ওয়ান সুটার বন্দুক, একটি রিভলবার, তিন রউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানিয়েছে, অভিযান এখনও চলমান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুরো চতরা বিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয়রা জানান, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।
সময়ের আলো/এসটিও