নোয়াখালীর হাতিয়ায় চোর সন্দেহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের এক কর্মীকে পিটিয়ে হত্যা মামলায় তিন জনকে বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ( ২৩ আগস্ট) সকালে মোস্তাফিজুর রহমান (২৮) হাতিয়া থানায় বাদি হয়ে একটি মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি, শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে লোকমান হোসেন(৩৫)। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মী ছিলেন।
গ্রেফতারকৃত আসামি, তারেক আজিজ। অপর আসামিরা হলেন- শরিফ ও নারগিস আক্তার।
ওসি এ কে এম আজমল হুদা জানান, পিডিবির ঠিকাদারের দুই কর্মী লোকমান ও মোস্তাফিজুর বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষে অপ্রয়োজনীয় ১৬০ কেজি মালামাল বিক্রির জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাজমারা ইউনিয়নের আসাদ নগরে একটি ভাঙারির দোকানে নিয়ে যান। এ সময় তারেক আজিজ, মো. শরিফ ও নারগিস আক্তার নামের তিন জন মালামালগুলো চুরি করা হয়েছে এমন সন্দেহ করে ওই দুই কর্মীকে দোকানে দড়ি দিয়ে বেঁধে রাখেন।
তিনি বলেন, এক পর্যায়ে তারেক একটি লোহার দণ্ড দিয়ে লোকামানের ডান হাতে ও পিঠে আঘাত করেন। এ সময় উৎসুক লোক সেখানে ভিড় করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দু’জনকে উদ্ধার করে। এ সময় লোকমান প্রচণ্ড ঘামাতে থাকেন এবং পায়খানা-প্রশ্রাব করে দেন। পরে দ্রুত পুলিশ তার বাঁধন খুলে দেওয়া হলে এর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় মোস্তাফিজুর বাদী হয়ে শনিবার তারেক, শরিফ ও নারগিস আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ঘটনাস্থল থেকে আটক তারেককে গ্রেফতার করা হয়েছে। অপর দুই আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
এমএইচ