ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্বামী সঙ্গে ঝগড়া করে জামিয়া আক্তার (২১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনার পর তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জামিয়া ওই এলাকার জালালউদ্দীন দরবেশের মেয়ে এবং কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের মুরাদ বেপারীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামিয়ার স্বামীর সঙ্গে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলমান ছিল। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে ঝগড়া করে শনিবার সকালে বাবার বাড়িতে আসেন জামিয়া। এরপর তিনি ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর জামিয়ার বড় ভাই জামাল তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ওই মরদেহ উদ্ধার করে।
ভাংগা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আশরাফ হোসেন বলেন, জামিয়া আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমএইচ