স্কুলমাঠে হাঁসের রাজত্ব, দুর্ভোগে শিক্ষার্থীরা

অরবিন্দ পাল, নান্দাইল

সারাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ১০৩ নং জোয়াল ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চলছে হাঁসের রাজত্ব। মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায়

2025-09-01T19:46:06+00:00
2025-09-01T19:46:06+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
স্কুলমাঠে হাঁসের রাজত্ব, দুর্ভোগে শিক্ষার্থীরা
অরবিন্দ পাল, নান্দাইল
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম 
এক বছর ধরে জলাবদ্ধতার কবলে নান্দাইলের জোয়াল ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। ছবি: সময়ের আলো
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ১০৩ নং জোয়াল ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চলছে হাঁসের রাজত্ব। মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ওই পানিতে আশপাশের হাঁস থই থই আনন্দে নিত্যদিনের জলকেলিতে মাতে। তবে নিরানন্দ অবস্থা বিরাজ করছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মনে।

বিদ্যালয়ের মাঠ থাকলেও খেলাধুলা করা তো দূরের কথা, বিদ্যালয়ে প্রবেশ করতেও তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে বাদ যায়নি বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার যুব সমাজও। জলাবদ্ধতায় মাঠ ছেড়ে শিশুরা ঝুঁকে পড়ছে মোবাইল আসক্তি ও অনলাইন জুয়া খেলার মতো বিপথে। তাই দ্রুত জলাবদ্ধতার নিরসন করে মাঠটি খেলার উপযুক্ত করে তোলার জোর দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থী ও এলাকার জনগণ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, মাঠের পূর্বপাশে পাকা রাস্তা হওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। তাই মাঠে পানি জমে থাকে। এক বছর ধরে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন সোহেল জানান, মাঠে জলাবদ্ধতার বিষয়টি ইতিমধ্যে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার মোছা. ফজিলাতুন্নেছা জানান, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি তিনি ইউএনওসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অবগত করেছেন।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, জোয়াল ভাঙা গ্রামের সমাজসেবক সফির উদ্দিন ও রিয়াজ উদ্দিনের দেওয়া ৫০ শতক ভূমির ওপর ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি। দুটি পাকা ভবন থাকলেও একটি পরিত্যক্ত, অন্যটিতে চলছে ১১০ জন শিক্ষার্থীর পাঠদান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলিয়ে মোট ৪ জন শিক্ষক এবং একজন নৈশপ্রহরী রয়েছেন।

মাঠের পূর্বপাশে উঁচু পাকা রাস্তা এবং পশ্চিমপাশে একটি ওয়াশরুম থাকলেও মাঠের চারপাশ উঁচু হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের মাঠের অবস্থা অত্যন্ত নাজুক। হাঁসের অবাধ বিচরণ এবং নোংরা পানির দুর্গন্ধে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

বিদ্যালয়ে প্রবেশ করতে হলে কাদা ও নোংরা পানিতে ভিজে যেতে হয়। ফলে প্রায়ই শিক্ষার্থীরা বই-খাতাসহ কাদাতে মাখামাখি হয়ে পড়ে। অভিভাবকরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করছেন। এর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যা কমে যাচ্ছে। স্থানীয়রা জানান, খেলার মাঠে জলাবদ্ধতা থাকায় তারাসহ এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করতে পারছে না। তারা দ্রুত মাঠ সংস্কারের দাবি জানিয়েছেন।

আরআর



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: