রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে ভাঙচুর-অগ্নিসংযোগ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ইমান-আকিদা রক্ষা কমিটির

2025-09-05T22:27:32+00:00
2025-09-05T22:27:32+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে ভাঙচুর-অগ্নিসংযোগ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ইমান-আকিদা রক্ষা কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে একদল লোকের এই হামলায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন একজন।

হামলায় পুলিশের ও ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় মাজারে। এসময় নুরাল পাগলের অনুসারী ও উত্তেজিত জনতার ইট, পাথর নিক্ষেপে হযরত আলি (৫০),শাকিব শেখ (১৮), আ. আজিজ (৬০), আলামিন হাবিব (২৬), আলম মিয়া (৫০), মোয়াজ্জেম (২১), রাজু শেখ (৪২), রাতুল (১৭), আলমাস (২৫), হান্নান (২১), সেহেদী রাহেলা (৫৫), মুসা মোল্যা (৫০), মান্নান (৬৫), বিজয় কুমার সাহা (৮০), রাসেল (২৮), রিপন (২৬), সুমি (৩৬), মিথিলা (১৫), উজ্জল (৪২), শিমুল হোসাইন (২৭) সহ অন্তত ৫০জন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে মো. রাশেল মোল্লা (২৮) চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়ন পূর্ব তেনা পচা জুট মিস্তি পাড়ার মো. আজাদ মেম্বারের ছেলে তিনি।

রাশেল মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. শরীফ ইসলাম।

আহতদেরকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

জানা গেছে, বিকেল ৪টার দিকে চারপাশ থেকে উত্তেজিত জনতা জড়ো হয়ে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন সরে যেতে বাধ্য হয়। পরে উত্তেজিত জনতা নুরাল পাগলে আস্তানায় ঢুকে পড়ে। সেখানে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। 

জনতা নুরাল পাগলের কবর ভেঙে বিশেষ কায়দায় কবর দেওয়া মরদেহ নিয়ে মিছিল করতে করতে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ে যায়। সড়কের পদ্মার মোড়ে নিয়ে সড়কের উপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে লাশ পুড়িয়ে দেয়। বিকেল সাড়ে ৫টার দিকে আবারও সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে।

এছাড়াও রাজবাড়ী, বালিয়াকান্দি, পাংশা, কালুখালী উপজেলাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা। এর আগে সকালে নুরাল পাগলের পরিবারের পক্ষে গোয়ালন্দ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়।  

এর আগে গত ২৩ আগস্ট নুরাল পাগলার মৃত্যু পর তার পরিবারের সিদ্ধান্তে তাকে তার নিজ বাড়ির সামনের অংশে দুইতলা সমান (প্রায় ১২ ফুট উঁচু) একটি কাঠামোর ভেতরে কবরস্থ করা হয়। পরে কবরটিকে কাবা শরীফের আদলে রং করা হয় এবং ‌‘হযরত ইমাম মাহদী (আ.) দরবার শরীফ’ লেখা ব্যানার টাঙানো হয়। 

এ নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে
গোয়ালন্দ উপজেলার ইমাম পরিষদ ও তৌহিদী জনতা গত ২৬ আগস্ট  বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে একাধিকবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তৌহিদী জনতা ও ইমাম পরিষদের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো: কবর থেকে কাবা শরীফের আদলে করা রং পরিবর্তন, ইমাম মাহদী (আ.) দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণ এবং কবরের উচ্চতা কমিয়ে স্বাভাবিক করা। 

তবে নুরাল পাগলার ভক্ত ও পরিবারবর্গ প্রথম দুটি দাবি মেনে নিলেও কবরের উচ্চতা স্বাভাবিক করার বিষয়ে আলোচনার জন্য গত ২৮ আগস্ট পর্যন্ত সময় চান। পরে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত সময় নেয়। এ বিষয়ে বৃহস্পতিবার ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে জেলার ৫টি উপজেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুল রহমান বলেন, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আমার গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও থানার ওসির গাড়ী ভাঙচুর করেছে জনতা। পরে নুরাল পাগলের আস্তানায় হামলা চালিয়েছে। তার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সঠিক সংখ্যা এখনও বলতে পারবো না। পরিস্থিতি এখনও প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

রাজবাড়ীর পু‌লিশ সুপার কামরুল ইসলাম ব‌লেন, জুমার নামাজের পর তৌ‌হিদি জনতা জ‌ড়ো হন। তা‌দের একটা অংশ দে‌শীয় অস্ত্রশস্ত্র নি‌য়ে পু‌লি‌শের ওপর হামলা চালায়। সে সময় পু‌লি‌শের গা‌ড়ি ও ইউএনওর গা‌ড়ি ভাঙচুর ক‌রে। প‌রে নুরুল হ‌কের বাড়িতে হামলা চা‌লি‌য়ে অ‌গ্নিসং‌যোগ ক‌রে।

বর্তমানে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে বলে জানান তিনি।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: