আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদীতে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্র শিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সরকারি কলেজে এ ঘটনা ঘটে। আহত শিবিরের ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিবির কর্মীরা জানান, আগামী ২৩ সেপ্টেম্বর কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময় জামায়াত-শিবির রাজাকার, এ মুহূর্তে বাংলা ছাড় শ্লোগান দিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হামলা চালায়।
তবে অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় ৫ নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, কলেজে একাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ছাত্রদলের কয়েক নেতা মঞ্চে থাকায় ছাত্রশিবিরের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে। এ ঘটনার জের ধরে আজ সংঘর্ষ হয়। তবে খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে উভয় পক্ষকে নিবৃত্ত করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই মেলে।
তিনি আরও বলেন, আহত হওয়ার ঘটনা পুলিশ পৌঁছনোর আগে ঘটেছে।
সময়ের আলো/এসটিও