নোয়াখালী হাতিয়ায় পূজার চাঁদা কালেকশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে তাণ্ডব চালানো জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাসকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জিয়া মঞ্চের জেলা সভাপতি মনিরুল ইসলাম মনির সাধারণ সম্পাদক শাহ আলম-এর যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ প্রদান করা হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ থাকায় রিপন চন্দ্র দাসকে জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক পদসহ সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে শারদীয় দুর্গা পূজার চাঁদা কালেকশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ফার্মেসি দোকানে ঢুকে তাণ্ডব চালায় জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
ফুটেজে দেখা যায়, হঠাৎ রিপন চন্দ্র দাস দোকানে ঢুকে চেয়ারে বসা শিপন চন্দ্র দাসকে মারধর করতে। এ সময় দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তার দিকেও বারবার তেড়ে যান রিপন। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করে দেন।
এরপর গতকাল রোববার রাতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেট থেকে তাকে গ্রেফতার করে।
সময়ের আলো/এনএ