প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৮ পিএম (ভিজিট : ৭০৬)
কিশোরগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক। ছবি : সময়ের আলো কিশোরগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক বন্ধ করে দিয়ে পুলিশ জানিয়েছে, প্রশাসনের অনুমতি ছাড়া এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় অনুষ্ঠান করতে নিষেধ করা হয়।
জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার সম্মেলন কক্ষে ‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা: তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে হেযবুত তওহীদ কিশোরগঞ্জ জেলা শাখা।
সংগঠনটির জেলা সভাপতি সোহানুর রহমান হিমসেলের সভাপতিত্বে সকাল ১১টায় গোলটেবিল বৈঠক শুরু হয়। সাংবাদিকদের নিয়ে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহফুজুর রহমান মাহফুজ।
সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামূল হক বাপ্পা, ঢাকা দক্ষিণের সভাপতি তসলিম উদ্দিনসহ স্থানীয় নেতারা এতে অংশ নেন।
আয়োজকরা জানান, সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠক শুরুর পর পর কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে উপস্থিত হন। এ সময় গোলটেবিল বৈঠকের জন্য প্রশাসনের অনুমতি না থাকায় অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন ওসি। এ নিয়ে হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহফুজুর রহমান মাহফুজের সঙ্গে বেশ কিছুক্ষণ ওসির তর্কাতর্কি হয়। সংগঠনটি কোনো নিষিদ্ধ সংগঠন নয়, তাহলে সাংবাদিকদের সঙ্গে কেন মতবিনিময় সভা করা যাবে না- সেটি পুলিশের কাছে জানতে চান ডা. মাহফুজ। এক পর্যায়ে বাধার মুখে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয় আয়োজকরা।
ডা. মাহফুজুর রহমান দাবি করেন, তাদের সংগঠনটি কোনো নিষিদ্ধ সংগঠন নয়। দেশজুড়ে গোলটেবিল বৈঠকের অংশ হিসেবে তারা অনুষ্ঠানের আয়োজন করেছে। এ জন্য আলাদা কোনো অনুমতির প্রয়োজন নেই।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান করতে হলে আগে থেকে জেলা প্রশাসনের অনুমতি নিতে হয়। কিন্তু হেযবুত তওহীদ নামের সংগঠনটি কোনো অনুমতি নেয়নি। এ ছাড়া সংবাদ সম্মেলন কিংবা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কথা বলা হলেও ব্যানারে লেখা হয়েছে রাষ্ট্র সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠকের কথা। তাই অনুমতি না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় অনুষ্ঠানটি বন্ধ করতে বলা হয়েছে।’
জেডও/