খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর একজন মেজরসহ আহত হয়েছেন ১৩ জন সেনা সদস্য। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর বার্তা দিয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এ সময় মেজরসহ ১৩ জন সেনাসদস্য আহত হয়েছেন। গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছেন। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে খাগড়াছড়ি ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়িতে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তা নিরসনে সব পক্ষকে নিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা বৈঠকে বসেছেন। বিষয়টি সমাধানে তিনি কাজ করছেন।
আরআর