এবারের শারদীয় দুর্গোৎসবের মতো উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, বীরপ্রতীক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অর্পণ ব্যানার্জী ও সাধারণ সম্পাদক নিখিল কুমার নাথসহ জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
উপদেষ্টা বলেন, দুর্গোৎসবের মতই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও উৎসবমুখর পরিবেশে হবে। আমাদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনও বিকল্প নেই। আমরা আর পশ্চাতে যেতে পারব না। আমাদের শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক অর্থনীতিকে যাতে সমৃদ্ধির দিকে নিতে পারি সেটার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা নিয়োজিত আছি। আজকের এই পূজার মত উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। যার যা দায়িত্ব তা আমরা পালন করব। সার্বিক দায়িত্ব ভোটে অংশগ্রহণ করা। যা এই সময়ের একটি অনিবার্য প্রেক্ষিত। আমরা ঐক্যবদ্ধভাবে সেই দিকে এগিয়ে যেতে চাই।
দুর্গোৎসবকে ‘সর্বজনীন উৎসব’ উল্লেখ করে তিনি বলেন, বাঙালির জাতীয় চেতনার মধ্যে দুর্গোৎসব অনাদিকাল থেকে জীবনের অংশ। এটার সার্বিক একটা রূপ আছে। যেমন ধর্মীয় আছে, তেমনি নানা ধর্মের মানুষ উৎসব আয়োজনে সামিল হয়। এবারের আয়োজনকে সাবলীল করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছে। সকাল থেকে আমি কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেছি। কাঠগড়ে একটি মণ্ডপে গিয়েছি। পরিসর সংকীর্ণ হলেও তাদের হৃদয় প্রসারিত এবং আনন্দের উচ্ছ্বাসও উপলব্ধি করা গেছে। আগ্রাবাদে একটি মণ্ডপে গিয়েছি। একতা গোষ্ঠী, তারা সম্প্রীতির এক অনন্য প্রদর্শনী আয়োজন করেছে।
সময়ের আলো/জেডআই