কর্ণফুলী টানেলের ভেতরে বাস উল্টে যাওয়ার ঘটনায় চারজন আহত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ ঘটনা ঘটে।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল।
কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল বলেন, অতিরিক্ত যাত্রী বোঝাই একটি বাস টানেলের পতেঙ্গা অংশ থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত চারজন যাত্রী আহত হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে গেছে। আহতদের কারও অবস্থা তেমন গুরুতর নয়।
আরও পড়ুন
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর কিছু সময় গাড়ি চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক আছে। দুর্ঘটনার পর পাওয়া বিভিন্ন ছবিতে দেখা যায়, উল্টে যাওয়া বাসটির কাছে দাঁড়িয়ে আছে ভীতসন্ত্রস্ত যাত্রীরা। আহত যাত্রীদেরকে নিরাপদ স্থানে নিয়ে যেতেও দেখা যায়। তবে দেখে মনে হয়েছে, আহতদের অবস্থা তেমন গুরুতর নয়।
প্রসঙ্গত, কর্ণফুলীর তলদেশে নির্মিত ব্যয়বহুল টানেলটি নিয়মিত মেরামত কাজের জন্য কিছুদিন আগে যানবাহন চলাচল সীমিত রাখা হয়। বর্তমানে টানেলে স্বাভাবিকভাবে যানবাহন চলছে। টানেলে যানবাহন চলাচল শুরুর পর বিভিন্ন সময় একাধিক দুর্ঘটনা ঘটেছে। বেশিরভাগ দুর্ঘটনা উচ্চ গতিতে যানবাহন চালানোর কারণে ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এআর