এবার মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় এক সাব-ইন্সপেক্টরসহ (এসআই) দুই পুলিশ সদস্য আহত হন।
বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বকশীগঞ্জের সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সাব-ইন্সপেক্টরসহ (এসআই) রাসেল আহাম্মেদ ও কনস্টেবল আমিরুল ইসলাম। তারা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সওদাগর পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। লিটন মিয়াকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার বাড়ির লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
পরে অভিযান চালিয়ে হামলায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাঁধাদানকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
প্রসঙ্গত, এর আগে গত রোববার (৫ অক্টোবর) সিলেটের কোম্পানীগঞ্জে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা করে বালু ও পাথরবাহী দুটি ট্রাক ছিনিয়ে নেয় শ্রমিকরা। হামলায় পুলিশের ৫ সদস্য আহত হন। আগের দিন শনিবার (৪ অক্টোবর) নরসিংদীতে চাঁদা তোলার সময় আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন।
এফআর