রাজধানীর ফার্মগেটে হলিক্রস কলেজের এক নম্বর গেইটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফার্মগেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে কে বা কারা হঠাৎ হলিক্রস কলেজের গেইটের সামনে ককটেল নিক্ষেপ করে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএমপির তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান বলেন, রাত ১০টায় ফার্মগেটে হলিক্রস কলেজের গেইটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ও টহলরত সেনাবাহিনীর সদস্যরা আসেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট এসে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।
তিনি আরও বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আসেপাশে সিসিটিভি ফুটেজ দেখা সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
এফআর