অক্টোবর এলেই সাধারণত দেশে শরতের শুষ্কতা শুরু হয়, আকাশ থাকে ঝকঝকে, বাতাসে থাকে শীতের আগমনী সুর। কিন্তু এবারের অক্টোবর যেন ব্যতিক্রম। কোথাও থেমে থেমে বৃষ্টি, কোথাও আবার অস্বস্তিকর গরম-শরতের এই চেহারা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে : শীত কবে আসবে?
এ বিষয়ে কথা বলেছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি জানান, এবার মৌসুমি বায়ুর প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ায় শরতের স্বাভাবিক আবহাওয়া এখনও আসেনি। ফলে অক্টোবর মাসজুড়েই দিনের বেলা গরম আবহাওয়া বিরাজ করতে পারে। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি আরও কয়েকদিন থাকবে
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১২ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পরই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দুর্বল হয়ে ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে।
নভেম্বরের আগে শীত নয়
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, ‘এখনো পর্যন্ত শীতের কোনো লক্ষণ নেই। বরং অক্টোবরজুড়ে গরম ও আর্দ্রতা বেশি থাকবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় না নেওয়া পর্যন্ত ঠাণ্ডার কোনো সম্ভাবনা নেই।’
তিনি আরও বলেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে এবং তখনই ঠাণ্ডার অনুভূতি পাওয়া যাবে।’
কুয়াশা মানেই শীত নয়
বর্তমানে দেশের কিছু অঞ্চলে ভোরে হালকা কুয়াশা দেখা গেলেও, সেটিকে শীতের পূর্বাভাস হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। আবহাওয়াবিদদের মতে, এটি মূলত বাতাসে আর্দ্রতা ও মেঘের উপস্থিতির কারণে তৈরি হচ্ছে, শীতের প্রকৃত কুয়াশা এখনো শুরু হয়নি।
এলনিনোর প্রভাবেই বিলম্বিত শীত
বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর এলনিনো আবহাওয়ার প্রভাবে মৌসুমি বৃষ্টির সময় বেড়ে গেছে। ফলে শরতের শুষ্কতা ও হেমন্তের ঠাণ্ডা-উভয়ই কিছুটা পিছিয়ে গেছে। সাধারণত অক্টোবরের শুরুতেই মৌসুমি বায়ু উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বিদায় নেয়। কিন্তু এবার তা এখনো পুরোপুরি শেষ হয়নি।
আবহাওয়াবিদদের মতে, আগের বছরের অক্টোবরের সঙ্গে এবারের অক্টোবর তুলনা করা ঠিক হবে না। শীত আসবে, তবে আরও কিছুটা দেরিতে।
এএডি/