একদিনে নওগাঁর সাপাহার, পোরশা ও রাণীনগর উপজেলায় স্কুল ছাত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সাপাহার উপজেলার খালের পানিতে ভাসমান অবস্থায় নুরুল ইসলাম (৭৩), পোরশায় আম বাগান থেকে সুমাইয়া (৯) নামের এক শিশুসহ রানীনগর উপজেলার পারইল গ্রাম থেকে মেহেদী (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নওগাঁর সাপাহারে নিজ বাসা থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বৃদ্ধ নুরল ইসলামের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পিছল ডাঙ্গা (মলপাড়া) খাড়ির পানি থেকে পুলিশ তার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, পিছলডাঙ্গা (মলপাড়া) গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম বুধবার ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। বেলা বেড়ে গেলেও সময়মতো বাড়ি না ফেরায় সারাদিন পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করে। তবে কোথাও তার কোন হদিস না পেয়ে পুনরায় বৃহস্পতিবার ভোর থেকে আবারও খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে সকাল ১০টার দিকে স্থানীয়রা খালের পানিতে বৃদ্ধের ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি ও আলামত জব্দ করে মরদেহ থানা হেফাজতে নেয়।
এবিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। বৃদ্ধকে কেউ কোথাও মেরে হাত পা বেঁধে তার মরদেহটি এখানে খাড়ির পানিতে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও তিনি আরও জানান, এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপর ঘটনায় নওগাঁর পোরশায় সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় কন্যা শিশু সুমাইয়া খাতুন (৯)। দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কুশারপাড়ার এক মক্তব থেকে পড়ালেখা শেষে সাড়ে ৮টার দিকে বাড়িতে ফিরে আসে। বাড়িতে বই রেখে খাওয়া দাওয়া না করেই স্থানীয় বাচ্চাদের সাথে খেলতে যায়। এসময় তার মা এবং খালা তাকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বেলা সাড়ে ১১টার দিকে হিরাডাংগা গ্রামের অনিলের স্ত্রী সেফালী কুশারপাড়া গ্রামের ওই আমবাগানে ঘাস কাটতে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি থানায় খবর দেন। পরে থানা পুলিশ এসে মরদেহটি শনাক্ত করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পরে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দ্রুতই তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে রাণীনগরে মেহেদী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেহেদীর দুলাভাই কামাল হোসেন ও পরিবারের লোকজন বলেন, কিছুদিন থেকে মেহেদী ও তার স্ত্রীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্বে ও মনোমালিন্য জড়িয়ে পড়ে। গতকাল মেহেদীর স্ত্রী ঝগড়া লেগে বাপের বাড়িতে চলে গেলে রাতে খাবার খেয়ে পরিবারের অন্যদের সাথে মেহেদীও তার রুমে ঘুমিয়ে যায়। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ের আম গাছে গলায় রশি দেওয়া ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বাবলু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জেডআই