সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারে আসতে পারলে বৈষম্য দূর করে দেশের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
রোববার (১২ অক্টোবর) বিকালে নরসিংদীর পলাশে ঘোড়াশাল-পলাশ ফাটিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমবাশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
মঈন খান বলেন, যে বৈষম্য দূর করতে হাজার হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছিল, সেই বৈষম্য দূর করতে হবে বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। দুনীর্তি বন্ধ না হলে বাংলাদেশের উন্নতি সম্ভব না।
তিনি বলেন, বিগত সময় আওয়ামী সরকার এতটাই লুটপাট ও দুনীর্তিগ্রস্ত ছিল যে, নরসিংদীতে দুটি সচল সার কারখানা ভেঙে একটি করেছে। যেটি তৈরি করতে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্নীতির জন্যই তারা নতুন সার কারখানা তৈরি প্রকল্প এনে চালু থাকা দুটি সার কারখানা ভেঙে ফেলেছে।
মঈন খান বলেন, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফাটিলাইজার প্রকল্পটি উদ্বোধনের সময় মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা কারখানাটি উৎপাদনে না এনে অন্য সার কারখানা থেকে সার এনে কারখানাটির উৎপাদন চালুর উদ্বোধন দেখিয়েছে।
ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়ার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন পলাশ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা,পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ ও ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
আরআর