সড়কে ঝরে গেল ‘ফুলের মতো’ মেয়ে
নাগরপুরে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, বাসে অগ্নিসংযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৫২ পিএম আপডেট: ১৬.১০.২০২৫ ৮:৫৩ পিএম
প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে নিহত সাদিয়া নওরিন শুভ। ছবি : সময়ের আলো অন্য দিনের মতো গতকালও প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলেন মেধাবী শিক্ষার্থী সাদিয়া নওরিন শুভ (১৫)। কিন্তু তার আর বাড়ি ফেরা হয়নি। গ্রামের পিচঢালা সড়কের পাশ ধরে হেঁটে যাওয়ার সময় একটি বাস পেছন থেকে এসে চাপা দিয়ে চলে যায়। নওরিন মুহূর্তে ঢলে পড়েন মৃত্যুর কোলে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নের খানপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নওরিনের বাড়ি পাকুটিয়ার পাঁচতারাইল গ্রামে। বাবা সোহেল মিয়া। নওরিন পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এলাকাবাসী বলেন, মেয়েটি অত্যন্ত মেধাবী ও নম্র-ভদ্র ছিল। মা-বাবার অতি আদরের ছিল। তারা জানান, গতকাল বাড়ি থেকে সামান্য দূরে প্রাইভেট পড়তে যান। ফেরার সময় এসবি লিংকের একটি বাস তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় এবং চাপা দিয়ে চলে যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কিশোরীর স্বজন মায়মুনা জান্নাত বলেন, এ ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছি না কেউ। নওরিন ছিল সবার প্রিয়। তার জীবন তো মাত্র শুরু। এসএসসিতে ভালো রেজাল্ট করার জন্য অক্লান্ত পরিশ্রম করছিল সে। এমন জলজ্যান্ত ফুলের মতো মেয়েকে যারা সড়কে খুন করল, তাদের কঠোর বিচার চাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নাগরপুরগামী এসবি লিং পরিবহনের একটি বাস পাকুটিয়া খানপাড়া এলাকায় পৌঁছালে নওরিনকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ক্ষুব্ধ জনতা ঘাতক বাস ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেয়। এ সময় চালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। বিক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী নওরিনের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার চান। পাশাপাশি ফিটনেস বিহীন এসবি লিংক পরিবহন বন্ধেরও দাবি জানান তারা।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেডও/