মায়ানমারের আরাকান রাজ্যের উপকূলীয় জলসীমানায় অবৈধভাবে প্রবেশকালে একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারসহ সাতজন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি (এএ)।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শাওন নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মায়ানমারের আরাকান আর্মির হাতে আটক হয়। ট্রলারটিতে সাতজন জেলে রয়েছে।
মায়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, গত ২৮ অক্টোবর সমুদ্রপথে টহল জোরদার করে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা উপ-ইউনিট। টহল চলাকালে আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা বাংলাদেশি ট্রলারগুলো শনাক্ত করা হয়। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, মংডু টাউনশিপের একরাজা গ্রাম উপকূল থেকে প্রায় ২ দশমিক ১৪ কিলোমিটার পশ্চিমে একটি কাঠের মাছ ধরার ট্রলারসহ সাতজন জেলেকে আটক করা হয়। ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল এবং বিভিন্ন প্রজাতির প্রায় ২৬০ কেজি মাছ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে চাইলে বলেন, স্থানীয়দের মাধ্যমে শুনেছি, বিষয়টি সংশ্লিষ্ট বাহিনীকে জানিয়েছি।
উল্লেখ্য, সোমবার (২৭ অক্টোবর) সাগর থেকে চারজন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
সময়ের আলো/এআর