ভোটের প্রস্তুতিতে ‘প্রতীক’ প্রতিবন্ধকতা

শাকিল আহমেদ

প্রথম পাতা

সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, ৯০ থেকে ৯৫ ভাগ প্রস্তুতি এরই মধ্যে

2025-10-30T00:36:24+00:00
2025-10-30T00:36:24+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
প্রথম পাতা
ভোটের প্রস্তুতিতে ‘প্রতীক’ প্রতিবন্ধকতা
শাকিল আহমেদ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১২:৩৬ এএম 
প্রতীকী ছবি
সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, ৯০ থেকে ৯৫ ভাগ প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়ে গেছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধন ও পর্যবেক্ষক নিবন্ধন শেষ হলে ভোটের প্রস্তুতি শতভাগে পৌঁছাবে বলে জানিয়েছে ইসি। তবে প্রস্তুতির শেষ পর্যায়ে এসে ‘প্রতীক’ নিয়ে জটিলতা বা প্রতিবন্ধকতায় পড়েছে নির্বাচন কমিশন।

শাপলা প্রতীক নিয়ে শুরু থেকে এখনও বিপরীতমুখী অবস্থানে ইসি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির শাপলা প্রতীকের দ্বিধা-দ্বন্দ্বে আটকে আছে অন্য দলগুলোর নিবন্ধনও। এই জটিলতা শেষ না হতেই নতুন করে সমস্যা শুরু হয়েছে জোটভুক্ত দলগুলোর নিজ দলীয় প্রতীকের ভোট নিয়ে। আরপিও চূড়ান্ত অনুমোদনের পর এই আলোচনা আরও জোরদার হয়েছে। প্রতীক নিয়ে নিজেদের অবস্থান জানাতে এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধান সংবলিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশে বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। 

তবে এ বিধান নিয়ে আপত্তি তুলে জোটভুক্ত যেকোনো দলের প্রতীকে ভোট করার বিদ্যমান নিয়ম বহাল রাখার দাবি তুলেছে বিএনপি। সে সঙ্গে দলটি সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের কথা বলেছে। আরপিও সংশোধনের পর বিএনপি ও সমমনা কয়েকটি দল কোনো ধরনের আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে। তারা এ সিদ্ধান্ত বাতিলের জন্য কমিশনকে চিঠি দিয়েছে।

আবার জামায়াতে ইসলামীসহ বেশ কিছু রাজনৈতিক দল বলছে, আরপিওতে প্রতীক সংক্রান্ত নতুন নিয়ম তারা সমর্থন করছেন। কারণ তারা মনে করছে এর মাধ্যমে জোটবদ্ধ হলেও দলগুলো স্বতন্ত্র পরিচয় নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে।

গত ২৬ অক্টোবর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী অনুযায়ী জোটবদ্ধ হলেও নিজস্ব প্রতীকে ভোট করতে হবে এই প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত নয়। তাই আগের বিধান পরিবর্তন না করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছে দলটি। 

তিনি বলেন, জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে এই সংশোধনী সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আগের প্রক্রিয়ায় নির্বাচনগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং তাতে কোনো জটিলতা সৃষ্টি হয়নি। কোনো রাজনৈতিক দলও এ বিষয়ে পরিবর্তনের দাবি জানায়নি। আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে সংশোধনের প্রস্তাবের বিষয়ে বিএনপি আগেই মতামত দিয়েছিল। তখন সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিকে আশ্বস্ত করা হয়েছিল যে, এই অনুচ্ছেদে কোনো পরিবর্তন আনা হবে না।

তিনি অভিযোগ করেন, জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুযায়ী প্রতীক নির্বাচনের সুযোগ বন্ধ করে দেওয়া তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। বিএনপি মনে করে, এই সংশোধনী প্রত্যাহার করে আগের বিধান বহাল রাখা জরুরি।

এর ঠিক দুদিন পর গত মঙ্গলববার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে আয়োজন করতে নির্বাচন কমিশনের কাছে ১৮টি দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো—জোটগতভাবে ভোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধান যেন কোনোভাবেই বদলানো না হয় এবং সে সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগামী মাসেই গণভোট আয়োজনের দাবি তুলেছে দলটি।

মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, ১৮ দফা দাবির মধ্যে অন্যতম হলো জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে এবং তা আগামী নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে। কারণ জনগণকে ভোটের আগে জাতীয় সনদে প্রস্তাবিত কাঠামোগত পরিবর্তন সম্পর্কে জানতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ (বৃহস্পতিবার) নতুন কর্মসূচি দিয়েছে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে তারা।

গোলাম পরওয়ার আরও বলেন, আরপিও সংশোধন চূড়ান্ত হয়েছে। আমরা ইতিমধ্যে সংশোধিত বিধান মেনে নিয়েছি। এখন আবার পরিবর্তনের দাবি করা লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘনের সমান। ভোটের চার মাস আগে বিএনপির এ দাবি সুষ্ঠু নির্বাচনের জন্য অশনিসংকেত।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, বর্তমানে বিষয়টি আইন মন্ত্রণালয়ে রয়েছে, কমিশন পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন প্রশ্নে বিভিন্ন প্রস্তাব পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে ইসি। যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য মনে হয়েছে, যেগুলো ভাষাগত বা সংখ্যাগতভাবে সামান্য সংশোধনযোগ্য, যেগুলো রাজনৈতিক ঐকমত্য ছাড়া সম্ভব নয়, যেগুলো বিদ্যমান আইনে পর্যাপ্তভাবে নির্ধারিত এবং যেগুলো কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য মনে হয়েছে। এই পাঁচটি দিক বিবেচনা করেই সংশোধন প্রস্তাবনাটি উপদেষ্টা পরিষদে পাঠানো হয়েছে এবং তারা নীতিগত সম্মতি দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, আরপিও সংশোধনের আগে ঐকমত্য কমিশন দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি। তাই অনুমাননির্ভর মন্তব্য করা ঠিক হবে না।

গণভোট প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশনে এখন পর্যন্ত গণভোট সম্পর্কিত কোনো তথ্য আসেনি। তাই অনুমানভিত্তিক কোনো মন্তব্য করা উচিত নয়। অন্যদিকে শাপলা প্রতীক নিয়ে এখনও অনড় অবস্থানে রয়েছ এনসিপি ও ইসি।

এনসিপি বলছে, শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে এনসিপি। অন্যদিকে ইসি বলছে, শাপলা প্রতীক দেওয়ার আইনগতভাবে সুযোগ নেই। এনসিপি নির্বাচনি প্রতীক হিসেবে কাক্সিক্ষত ‘শাপলা’ না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবে বলে রোববার হুঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

এ বিষয়ে ইসি সচিব বলেন, কমিশন নিজস্ব বিবেচনা অনুযায়ী দলটিকে প্রতীক বরাদ্দ দিয়ে চলতি সপ্তাহেই আদেশ জারি করবে।


এফআর


  বিষয়:   ভোটের প্রস্তুতি  প্রতীক  এনসিপি  নির্বাচন কমিশন  নির্বাচন  বিএনপি  জামায়াতে ইসলামী 


Loading...
Loading...
প্রথম পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: