বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ স্থানে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস রয়েছে বেচারাম দেউড়ি এলাকায়। এর পরেই তালিকায় রয়েছে দক্ষিণ পল্লবী, মিরপুরের ইস্টার্ন হাউজিং, মাদানি সরণির বেজ এজওয়াটার, গোড়ান, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায়, কল্যাণপুর এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজ ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৪ গুণেরও বেশি রয়েছে।
আজ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (৫২৩)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (৪৬৬)। এই দুই শহরের বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকা আজ তৃতীয় স্থানে থাকা চীনের বেইজিং (২০২) শহরের বাতাসের মান খুবই ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সময়ের আলো/কেএইচও