রাজধানীর খিলগাঁও কালভার্ট রোডের একটি খাল থেকে মোজাফফর আহমদ চৌধুরী লেনিন (৫১) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে ময়নাতদন্তের লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
লেনিন রাজধানীর খিলগাঁও দক্ষিণ মেরাদিয়ার সেলিম চৌধুরীর ছেলে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়দের মাধমে সংবাদ পাই খিলগাঁও কালভার্ট রোডের পাশের একটি খালে লাশ ভাসছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে বাহ্যিক কোনো আঘাত পরিলক্ষিত হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নাম জানতে পেরেছি। তার নাম মোজাফফর আহমেদ চৌধুরী লেলিন (৫১)। বাবার নাম সেলিম চৌধুরী। ঠিকানা খিলগাঁও দক্ষিণ মেরাদিয়া। তবে ঠিকানা অনুযায়ী সেখানে গেলে পরিবারের খোঁজ মেলেনি। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
আরআর