রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ দম্পতি হত্যার শিকার নাকি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত সাইফুল ইসলাম (৩০) ওই বাসার দারোয়ান ছিলেন। অন্যদিকে নিহত নারীর নাম শাকিলা। তিনি সাইফুলের স্ত্রী। একই বাসার রান্নার কাজ করতেন তিনি।
হাবিবুর রহমান বলেন, ‘রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চচল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৫ অক্টোবরের পর এ ঘটনা ঘটতে পারে।’
তিনি বলেন, ‘সকালে স্থানীয় লোকজন মরদেহের পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে দুটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী মামলা হচ্ছে।’
সময়ের আলো/কেএইচও