চলতি মাসের ৫ তারিখ নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী–বায়েজীদ–পাঁচলাইশ একাংশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে তিনি তিনদিন ধরে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ প্রসঙ্গে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপত্র শওকত আজম খাজা বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে এরশাদ উল্লাহকে ঢাকায় আনা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।’
এর আগে গত বুধবার বিকেলে চান্দগাঁও থানাধীন চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগের সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তিনি ছাড়াও আরও পাঁচজন আহত হন। জনসংযোগে অংশ নেওয়া তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
সময়ের আলো/এনএ