সম্প্রতি ঢাকার ফার্মগেটে মেট্রোরেল লাইন থেকে বিয়ারিং প্যাড পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার মেট্রোরেল লাইনের ওপর থেকে ছোড়া ঢিলে আহত হয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দুই শিক্ষক।
শনিবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটেছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে। জানা যায় অজ্ঞাত কয়েকজন লোক এই ঢিল নিক্ষেপ করেছে।
পরে আহত অবস্থায় দুই শিক্ষককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। আহত শিক্ষকরা হলেন– আব্দুস সালাম (৫০) ও বেলাল হোসেন (৪৫)। তারা দুজনই সিরাজগঞ্জ জেলায় কাজিপুর থানা এলাকার বাসিন্দা।
আহত শিক্ষকরা জানান, বেশ কয়েকদিন ধরে আমরা ইবতেদায়ী শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছি। আজ দুপুরের দিকে হঠাৎ মেট্রো লাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তিরা আমাদের ওপর ইট ছুঁড়ে মারে।
আহত শিক্ষক আব্দুস সালাম জানান, ইটের আঘাতে তার মাথার বাম পাশ কেটে অঝোরে রক্ত ঝরতে থাকে। সঙ্গে থাকা বেলাল হোসেনের ঘাড়ে একটি ইট এসে লাগে। পরে আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। মাথায় কয়েকটি সেলাই হয়েছে বলে জানিয়েছেন আব্দুস সালাম।
ঢামেক হাসপাতালের পুলিশের ইনচার্জ মো. ফারুক জানান, প্রেস ক্লাবের সামনে থেকে আহত অবস্থায় দুই শিক্ষককে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে বলে জানান তিনি।
এসকে/