মাদারীপুরের শিবচরে নৃশংসভাবে ছেলের হাতে খুন হয়েছেন এক বাবা। রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ঘটনাটি ঘটেছে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায়।
পঞ্চগ্রামের মতি মিয়া (৬৫) তার ছেলে ফারুক মিয়ার (২৭) কোদালের আঘাতে নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে ফারুক মিয়ার বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই তিনি হত্যার পরিকল্পনা করেন। পরে রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে ফারুক ঘুমন্ত অবস্থায় বাবার ওপর কোদাল দিয়ে উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করেন।
খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম নেতৃত্বাধীন একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘটনাস্থল থেকেই ঘাতক ফারুক মিয়াকে গ্রেফতার করে।
ওসি রাকিবুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে।
সময়ের আলো/জেডআই