রাজধানী ঢাকার মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। সকালে দুই আরোহী মোটরসাইকেলে করে স্যার সৈয়দ সড়কে প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে একটি ককটেল ও রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণের পর দুটি ককটেলই বিকট শব্দে ফেটে যায়।
বিস্ফোরণের পর প্রতিষ্ঠানটির কেয়ারটেকারসহ আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা পরিস্থিতি মোকাবেলা করতে শুরু করে।
আরও পড়ুন
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্তের কাজ শুরু করেছে এবং এর সাথে জড়িতদের শনাক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এএডি/