কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাজিতপুর বাস স্ট্যান্ড এর সামনে রাস্তার পাশে বাজিতপুর -ঢাকা সড়কে চলাচলকারী তিশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব- ৬৪৩৪ ) দাঁড়িয়ে ছিল।
এ সময় দুর্বৃত্তরা বাসের পিছনের বাঁ পাশের জানালা দিয়ে পিছনের সিটে আগুন লাগিয়ে দেয়। বাসের একটি আসনে আগুন জ্বলতে দেখে বাসের সিটে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার শুরু করেন।
এ সময় বাজিতপুর বাসস্ট্যান্ডে থাকা ডিউটিরত পুলিশ এবং স্থানীয়রা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বেঁচে যান বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার।
আগুনে গাড়ির পিছনের বাঁ পাশের ২নং সিটের উপরের সামান্য অংশ পুড়ে যায়। সংবাদ পেয়ে বাজিতপুর থানার ওসিসহ উপজেলা
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এ ঘটনার পর বাজিতপুরে নিরাপত্তার জোরদার করা হয়েছে।
সময়ের আলো/এআর