প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:৪০ পিএম আপডেট: ১৬.১১.২০২৫ ১০:৩৩ পিএম
কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণের ফলে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি : সংগৃহীত রাজধানীর কারওয়ান বাজারে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, দুর্বৃত্তরা এসে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখেছি এটা আমাদের থানা এলাকায় পড়েনি। এটা পড়েছে তেজগাঁও থানা এলাকায়।
অন্যদিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আমাদের সীমানা বাংলামোটর থেকে আসতে হাতের ডানে পড়ে এবং বামে এই ঘটনাটি ঘটেছে। যেখানে ককটেলটি ফুটেছে, সেটি কলাবাগান থানা এলাকায় পড়েছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি এটা তেজগাঁও থানার ভেতরে পড়েছে, কলাবাগান থানার ঘটনা নয়। যে থানার ঘটনাই ঘটুক, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
এসকে/