বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৫ বছর এ জাতিকে ধ্বংস করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়েছিল। ২০২৫ সালে সুষ্ঠুভাবে নকলমুক্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন হওয়ায় অনেক ছাত্রছাত্রী ফেল করেছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে ১০০ভাগ পাস করিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে।’
সোমবার (১৭ নভেম্বর) সকালে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বর্তমান সময়ে মোবাইল ফোন হাতে থাকলে দেখার কোন বিষয়বস্তুর অভাব নাই। কিন্তু যদি এই বয়সের ছাত্রছাত্রীরা মোবাইল ফোন নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, তাহলে ছাত্রছাত্রীরা প্রকৃতপক্ষে লেখাপড়া কোন সময় করবে? আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্রকৃত লেখা পড়া করে, জ্ঞান অর্জন করে অগ্রসর না হলে, কোন রকমে তোমরা অগ্রসর হতে পারবে না। তাই ভালো কিছু করতে হলে আগে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করো। তোমরা নিজেরা নিজেদেরকে প্রস্তুত না করলে, অন্য কেউ তোমাদেরকে প্রস্তুত করতে পারবে না। তাই তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশের সেবা কর, দেশের দায়িত্ব নাও।’
ড.মোশাররফ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ শিক্ষকরা হলো ছাত্রছাত্রীদের মানুষ গড়ার কারিগর।’
দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব (পি.আর.এল) ও অত্র বিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মো.নিজাম উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো.নুরুল আমিন, প্রধান শিক্ষক জসীম উদ্দিন আহমেদ।
আরও পড়ুন
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কে, এম সামছুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়া, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম রিপন প্রমুখ।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের ৪৯ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে দুই হাজার টাকা করে আর্থিক সম্মাননা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে।
এএডি/