নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারী নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ছয়টায় সেনবাগ উপজেলার পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে সহস্রাধিক মশাল হাতে নিয়ে কয়েক হাজার নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মশাল মিছিলটি সেনবাগ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবীতে বিভিন্ন শ্লোগানে দেন। বিক্ষোভকারীরা নোয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে কাজী মফিজুর রহমান মনোনয়ন দেওয়ার দাবি জানান।
আরও পড়ুন
পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে নোয়াখালী-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে এমপি হয়েছেন জয়নুল আবদীন ফারুক। তিনি সেনবাগে কোনো উন্নয়ন করেননি, দুর্দিনে নেতাকর্মীদের পাশেও দাঁড়াননি। বিপরীতে সেনবাগের জনমানুষের নেতা, গরীব দুঃখী মেহনতী মানুষের কণ্ঠস্বর কাজী মফিজুর রহমান দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। উন্নয়ন বঞ্চিত সেনবাগের মানুষ পরিবর্তন চায়। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোরালো দাবি জানাই। সেনবাগের তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের প্রাণের দাবি ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে কাজী মফিজুর রহমানকে ধানের শীষের পক্ষে মনোনয়ন দেওয়া হোক।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন বোর্ড নোয়াখালী-২ সেনবাগ আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুককে মনোনয়ন দেয়।
এএডি/