খামার পাড়া এলাকায় কেটে রাখা ধান গভীর রাতে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো
কয়েক দিন আগে ক্ষেতের ধান কেটে পাশের লিজের জমিতে রেখেছিলেন বর্গাচাষি মুহাম্মদ সেলিম। বৃহস্পতিবার সকালে ধান মাড়াই করার জন্য প্রস্তুতিও ছিল। কিন্তু মাড়াই করতে গিয়ে তিনি দেখতে পান, সব ধান পুড়ে ছাই হয়ে পড়ে আছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা ধানের গাদায় আগুন লাগিয়ে সব শেষ করে দিয়েছে।
বুধবার গভীর রাতে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাগমারার খামার পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গত এক সপ্তাহে হারুয়ালছড়ি ও দৌলতপুরেও ঘটে একই ধরনের ঘটনা। এতে স্থানীয় কৃষকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, এসব ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। মানুষের সঙ্গে শত্রুতা শুনেছি, কিন্তু এভাবে জমির ধান পুড়িয়ে দেওয়া একেবারেই অমানবিক।আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ইতিমধ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি।
কেটে ধান পুড়িয়ে বর্গাচাষির ক্ষতি করেছে দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো
ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, খবর পেয়ে আমাদের মাঠকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছি।
স্থানীয় বাসিন্দা ও রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ধানের গাদায় আগুন দেওয়ার ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কিত। মাত্র এক সপ্তাহের ব্যবধানে একই ধরনের তিনটি ঘটনায় উপজেলাজুড়ে কৃষকদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।