রাজধানীর মুগদার মদিনাবাগে ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের রেলিং ধ্বসে মাথায় পড়ে মাকসুদ (৫০) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে মুগদা মদিনাবাগ মিয়াজি গলিতে ঘটনাটি ঘটে।
পরে স্থানীয়রা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) জানান, মাকসুদ মদিনাবাগ মিয়াজী গলির নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী। ভূমিকম্পের সময় সে ভবন থেকে বাইরে যাচ্ছিল। এসময় ভবনের উপর থেকে রেলিং ধ্বসে তার মাথার উপড় পরে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে দুপুরে মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি এবং সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত মাকসুদের বাড়ি লক্ষিপুর জেলার রামগতি উপজেলার চড়সীতা গ্রামে।
উল্লেখ্য, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। দেশের বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন দুই শতাধিকেরও মানুষ।
সময়ের আলো/কেএইচও