মানিকগঞ্জ শহরে বাউল শিল্পী আবুল সরকারের (৬০) ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে তৌহিদী জনতা। একই সময়ে শহরে বাউল শিল্পীর অনুসারীরা তার নিঃশর্ত মুক্তির দাবিতে জড়ো হয়। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রোবাবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ স্টেডিয়াম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকাল নয়টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে সহস্রাধিক তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। এদিকে শহরের স্টেডিয়াম মোড় এলাকায় অবস্থান নেয় বাউল অনুসারীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বাউল শিল্পীর অনুসারীরা বিভিন্ন দিকে ছোটাছুটি করে এবং জীবন বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়েন। এই ধাওয়ায় বিক্ষোভকারীদের হাতে তিন বাউল শিল্পী গুরুতর আহত হন। আহত হয় তৌহিদী জনতার একজনও।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবেই শহরে প্রবেশ করছে। এ সময় হঠাৎ করেই মিছিলের ভেতর থেকে কিছু লোকজন বাউলদের উদ্দেশ্য করে ধাওয়া দেয়। মুহূর্তেই পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় তিন বাউল শিল্পী গুরুতর ও এক বিক্ষোভকারী কিছুটা আহত হয়েছেন। এই ঘটনায় কেউ অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এ ঘটনার পর জেলা প্রশাসক বরাবর বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে তৌহিদী জনতা।
উল্লেখ্য, গত ১ নভেম্বর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জাবরা এলাকায় গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তি করে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি বাউল শিল্পী আবুল সরকার। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) তাকে আটক করে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ। এরপর মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি ধর্ম অবমাননার মামলা করেন।
আরআর