পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা শহরের আলহাজ মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এ মশাল মিছিল। এতে অংশ নেন ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
মিছিল শেষে এক সমাবেশে বক্তারা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় তীব্র ক্ষোভ জানিয়ে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে প্রার্থী ঘোষণার দাবি জানান।
বীর মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দীন মালিথার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।
সমাবেশে বক্তারা বলেন, হাবিবুর রহমান হাবিবকে প্রার্থী করায় ঈশ্বরদী-আটঘরিয়াবাসীর প্রত্যাশা ভেঙে গেছে। পাবনা-৪ আসনে জাকারিয়া পিন্টুর বিকল্প নেই বলে দাবি করেন তারা। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে জননন্দিত নেতা জাকারিয়া পিন্টুকে প্রার্থী করা প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদল নেতা আহসান হাবিব, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, আক্কাস আলী মেম্বার, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান শহীন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, যুবদল নেতা নুরে আলম মোস্তফা শ্যামল, জাকির হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, মামুনুর রশিদ নান্টু, মাহমুদুর রহমান জুয়েল, যুবদল নেতা মাহমুদ হাসান, আকতার হোসেন নিপা প্রমুখ।
এফআর