প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:৪৮ এএম
ত্রিদেশীয় ফুটবল সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। ছবি : বাফুফে নিজেদের ফুটবলের কৌশল পরিবর্তন করে সবশেষ থাইল্যান্ড সফরে হাই-লাইন ডিফেন্সের ছকে খেলেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তবে এই অভিজ্ঞতাটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের জন্য। ভালো না হলে আজ থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় ফুটবল সিরিজে কৌশল বদলানোর কোনো পরিকল্পনা নেই প্রধান প্রশিক্ষক পিটার বাটলারের। কোচের মতো অধিনায়ক আফঈদা খন্দকারও চান এই কৌশলে খেলতে।
জাতীয় স্টেডিয়ামে বুধবার (২৬ নভেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ ত্রিদেশীয় কাপের মিশন শুরু করবে। বিকাল সাড়ে ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচ দিয়ে প্রায় এক যুগেরও বেশি সময় পর এই স্টেডিয়ামে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সবশেষ ২০১৩ সালের ২৫ মে ফিলিপাইনের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে এই মাঠে খেলেছিল বাংলাদেশ।
অস্ট্রেলিয়াতে আগামী বছর মার্চে অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে এই সিরিজ খেলছে নারী দল। আফঈদা-কোহাতিদের জন্য এশিয়ান কাপের প্রস্তুতি শানিয়ে নেওয়া, কোচের কৌশল ঠিকঠাক বুঝে নেওয়াই এ সিরিজের মূল লক্ষ্য।
বাটলারের হাই-লাইন ডিফেন্স কৌশল নিয়ে গত অক্টোবরে বাজে অভিজ্ঞতা হয়েছিল আফঈদা-ঋতুপর্ণাদের। গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা শুনিয়েছেন আশার কথা, ‘কোচরা আমাকে যেভাবে খেলার জন্য বলেছেন, আমরা অবশ্যই চেষ্টা করব আজারবাইজান আর মালয়েশিয়ার সঙ্গে ভালো খেলার জন্য। সকালে আমরা অনুশীলন করেছি। কোচ আমাদের বলে দিয়েছেন কীভাবে খেলতে হবে। ইনশাআল্লাহ, আমরা ভালো কিছু করব। বাংলাদেশের মানুষকে ভালো খেলা উপহার দেব।’
অধিনায়ক আরও বলেন, ‘সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। তো আমরা অবশ্যই চেষ্টা করব (হাই-লাইন ডিফেন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার) এর আগে তো আমরা ওভাবে খেলিনি। এখন কোচ সেভাবে খেলাচ্ছেন। আমরা অবশ্যই চেষ্টা করছি কোচের কথামতো চলার। অবশ্যই এটি ভালো হবে। ইনশাআল্লাহ, ভালো ফল পাব।’
এশিয়ান কাপ ও অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের প্রসঙ্গ টেনে অধিনায়ক জানান আগের ম্যাচের ভুল শোধরাতে। আফঈদা বলেন, ‘আমরা এভাবে খেলে এএফসি অনূর্ধ্ব-২০ কোয়ালিফাই করছি। সিনিয়র টিমেও এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি। অবশ্যই ভুল-ত্রুটি থাকবে। সবকিছুতে তো ভুল থাকে, সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে যেন ভুলগুলো না হয় আমরা সেভাবে খেলব।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০৪তম আর আজারবাইজান ৭৪তম ও মালয়েশিয়া ৯২তম। র্যাঙ্কিংয়ের এই ব্যবধান নিয়ে খুব একটা ভাবছেন না আফঈদা। চট্টগ্রাম ইপিজেডে লম্বা সময় প্রস্তুতি নিতে পারায় দলের মধ্যে আরও ভালো বনিবনা দেখছেন অধিনায়ক, যা তাকে ভালো ফলের জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলছে। তিনি বলেন, ‘আমরা বেশ কয়েক দিন, ২০-২৫ দিন একসঙ্গে অনুশীলন করেছি। আমাদের মধ্যে ভালো বন্ধন আছে। আজারবাইজান ও মালয়েশিয়া যে দল নিয়ে আসুক না কেন, তারা র্যাঙ্কিংও এগিয়ে আছে, তবে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে ম্যাচগুলো জয়ের।’
সময়ের আলো/এনএ