খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ গভীর শোকে শোকাহত। ক্রীড়াঙ্গনেও ব্যাপক শোক নেমে এসেছে।

2025-12-31T05:34:07+00:00
2025-12-31T05:34:07+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
খেলা
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৪ এএম 
সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ গভীর শোকে শোকাহত। ক্রীড়াঙ্গনেও ব্যাপক শোক নেমে এসেছে। ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে শুরু করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম- সবখানেই বিষাদের সুর। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ফুটবল ফেডারেশনসহ (বাফুফে) বিভিন্ন সংস্থা তার বিদায়ে শোকবার্তা পাঠিয়েছে। শোকবার্তায় জানানো হয়- দেশের ক্রীড়া ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রিয় নেত্রীকে হারিয়ে মুষড়ে পড়েছেন মাঠের খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ ক্রীড়াপ্রেমীরাও। 

বিওএর শোকবার্তা- তিনি (খালেদা জিয়া) ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের রাজনীতিতে পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনীতির সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তার অসামান্য অবদান এবং ত্যাগের জন্য বাংলাদেশসহ সারা বিশ্বে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে খালেদা জিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শ দেশের খেলাধুলার উন্নয়ন এবং বিওএর কার্যক্রম পরিচালনায় আমাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। তার অসাধারণ নেতৃত্ব এবং গুণাবলির জন্য তিনি বিওএর প্রতিটি সদস্য ও কর্মকর্তাগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। 

খালেদা জিয়ার মৃত্যুশোকে গতকাল বিসিবি বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করে। শোকবার্তায় বিসিবি লিখেছে- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। তার সময়ে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ক্রিকেটটাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ক্রিকেট আজ এই পর্যায়ে আসায় তার অবদান অনেক। জাতির এমন দুঃসময়ে আমরা অন্তরের অন্তস্তল থেকে সমবেদনা জানাচ্ছি ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। 

বিসিবির মতো বাফুফেও গতকালের ফেডারেশন কাপ ও নারী ফুটবল লিগের ম্যাচ স্থগিত করে। বাফুফে শোকবার্তায় লিখেছে- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী  খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সকাল ৬টায় মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের রাজনীতিতে তিনি অসাধারণ এক ব্যক্তিত্ব ছিলেন। রাজনীতিতে তার অবদান দেশের ইতিহাসে অমর হয়ে থাকবে। তার মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতির পক্ষ থেকে শোক জানাচ্ছে বাফুফে। 

এ ছাড়া বাংলাদেশ টেনিস ফেডারেশন,  বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ ভলিবল ফেডারেশন, সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস, দাবা ফেডারেশন, তায়কোয়ান্দো ফেডারেশন, ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ), বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ), জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদগণ, অন্য সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশন শোক জানিয়েছে। 

জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশ হারালো এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। 

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি। 

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি। এই শোকের মুহূর্তে তার পরিবার, প্রিয়জন এবং দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। 

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে লেখেন, মহান আল্লাহ তায়ালা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি। 

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার ফেসবুক পেজে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত নসিব করেন। 

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক জানানোর ছবি পোস্ট করে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা ফেসবুকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তার শোকসন্তপ্ত পরিবার, তার স্বজন ও শুভাকাক্সক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তার অবদান দেশের মানুষ মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। 

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তার ফেসবুকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   খালেদা জিয়া  মৃত্যু  ক্রীড়াঙ্গন  শোকের ছায়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: