প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫:২৪ এএম
সংগৃহীত ছবিবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই রঙিন আলো, গ্যালারি ভরা দর্শক আর তারকায় ঠাসা ক্রিকেট উৎসব। সেই উৎসবের সূচনা যদি হয় ঢাকার বাইরে, সবুজে ঘেরা সিলেটে তা হলে উত্তেজনার মাত্রা যে বাড়বে, সেটাই স্বাভাবিক।
ভিন্ন এক সিদ্ধান্ত নিয়ে এবারের বিপিএলের প্রথম ধাপ সিলেটে আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সিদ্ধান্তের ফল হিসেবে শুরুতেই যেন ক্রিকেট উন্মাদনায় ভেসে গেছে পুরো নগরী।
গত শুক্রবার শুরু হওয়া বিপিএলের প্রথম ধাপে টানা দুদিন ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর রোববার ছিল সূচির বিরতি। তবে মাঠে খেলা না থাকলেও ক্রিকেটের উন্মাদনায় কোনো বিরতি ছিল না। শনিবার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই আসরের সবচেয়ে তারকা সমৃদ্ধ দল রংপুর রাইডার্স যেন নতুন করে আলোড়ন তোলে ক্রিকেটপ্রেমীদের মাঝে।
রোববার সকালে দলের সঙ্গে যোগ দেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা মোস্তাফিজুর রহমান। তার আগমনেই যেন বিপিএলের আসল রং লেগে যায় সিলেটে। দশজন বিদেশি ক্রিকেটারে ভরা রংপুর রাইডার্সের স্কোয়াডে রয়েছেন লিটন দাস, তাওহীদ হৃদয়সহ দেশের একাধিক পরিচিত মুখ। ফলে মাঠে নামার আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রংপুর।
তারকায় ঠাসা এই দলে আছেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মায়ার্স, ইংলিশ ব্যাটার ডেভিড মালানসহ একাধিক বিদেশি ক্রিকেটার। পাকিস্তান থেকেও এসেছেন বেশ কয়েকজন খেলোয়াড়, যাদের মধ্যে তরুণ ব্যাটার খাজা নাফি অন্যতম। সিলেটে এসে প্রথম দিনের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
বিপিএলে আগেও একাধিকবার খেলেছেন নাফি, তবে এবারই প্রথম রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামবেন। একাদশে সুযোগ পাওয়া নিয়ে অপেক্ষা থাকলেও দল নিয়ে বেশ আশাবাদী এই পাকিস্তানি ব্যাটার। তার বিশ্বাস, এই স্কোয়াড নিয়ে রংপুর দারুণ কিছু করতে পারবে।
সিলেটের উইকেট যে ব্যাটারদের জন্য সহায়ক, সেটার প্রমাণ মিলেছে আসরের উদ্বোধনী ম্যাচেই। ১৯০-এর বেশি রান করে জয় তুলে নেওয়ার দৃশ্য চোখ এড়ায়নি নাফিরও। উইকেট ও কন্ডিশন নিয়ে প্রশ্নে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির উদাহরণ টেনে তিনি বলেন, ‘হ্যাঁ, পিচ দেখেছি। এখানকার পরিবেশ খুব ভালো। শান্তকে সেঞ্চুরি করতে দেখেছি। আশা করি সামনে আরও দারুণ কিছু ম্যাচ হবে।’
রংপুর দলে বাংলাদেশের অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের উপস্থিতি তরুণ খেলোয়াড়দের জন্য বাড়তি অনুপ্রেরণা। লিটন দাসের ব্যাটিং নিজের পছন্দের কথা জানিয়ে নাফি বলেন, ‘এই দলে বাংলাদেশের অনেক বড় ক্রিকেটার আছে। লিটন দাসের ব্যাটিং আমার খুব ভালো লাগে। আর মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাছ থেকে শেখার অনেক কিছু আছে।’
এদিকে আইপিএলে ৯ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া মোস্তাফিজুর রহমান এদিন সকালেই পৌঁছান সিলেটে। ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে তিনিও নেমে পড়েন অনুশীলনে। তার বলে নেটে খেলা হয়েছে কি না এমন প্রশ্নে হেসে নাফি জানান, ‘না, আজই তো সে এসেছে। পরে নিশ্চয়ই খেলা হবে।’
সব মিলিয়ে সিলেটের নয়নাভিরাম মাঠ, রানবন্যার উইকেট আর তারকায় ঠাসা রংপুর রাইডার্স সবকিছু মিলিয়ে বিপিএলের প্রথম ধাপ যেন আরও জমে উঠেছে। এখন শুধু অপেক্ষা মাঠের লড়াই দেখার।
সময়ের আলো/এআর