উসমান দেম্বেলের রাজত্ব আর কলঙ্কিত ক্রিকেট

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৫ সালে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন ছিল নানা রোমাঞ্চকর ঘটনায় ভরপুর। ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে ফুটবলের নতুন ফরম্যাটে ক্লাব বিশ্বকাপ,

2025-12-29T05:36:48+00:00
2025-12-29T05:36:48+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
খেলা
উসমান দেম্বেলের রাজত্ব আর কলঙ্কিত ক্রিকেট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৬ এএম 
সংগৃহীত ছবি
২০২৫ সালে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন ছিল নানা রোমাঞ্চকর ঘটনায় ভরপুর। ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে ফুটবলের নতুন ফরম্যাটে ক্লাব বিশ্বকাপ, টেনিস, অ্যাথলেটিকস অঙ্গনে নানান গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সব মিলিয়ে বছরটি ক্রীড়াপ্রেমীদের জন্য ছিল মনে রাখার মতো। 

ঠিক তেমনি বিশ্বমঞ্চের অনেক অ্যাথলেট বিদায় নিয়েছেন দুনিয়া থেকে। শেষ হতে চলা বছরে আন্তর্জাজিক ক্রীড়াঙ্গনের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিচে তুলে ধরা হলো :

ক্রিকেট : ভারতের আধিপত্য, পাকিস্তানের হতাশা ও হ্যান্ডশেককাণ্ড


ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয় করে ভারত। এই জয়ের মাধ্যমে আইসিসি টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করে টিম ইন্ডিয়া। 

অন্যদিকে দীর্ঘ ২৯ বছর পর ঘরের মাঠে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেও গ্রুপপর্ব থেকে হতাশার বিদায় পাকিস্তানের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ছাপিয়ে গেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এশিয়া কাপ। সেপ্টেম্বরে অনুষ্ঠিত ওই আসরে ঘটে বছরের সবচেয়ে আলোচিত-সমালোচিত ঘটনা হ্যান্ডশেককাণ্ড। রাজনৈতিক উত্তাপ ছড়ায় খেলার মাঠে। 

ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের হ্যান্ডশেক না করাকে কেন্দ্র করে। এরপর এই রেশ গড়িয়েছে অনেক দূর। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়েই ট্রফি জেতে ভারত। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট প্রধান মহসিন নাকভির কাছে থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। ফলে ট্রফি ছাড়াই এশিয়া কাপ উদযাপন করে চ্যাম্পিয়ন ভারত, যা ক্রিকেট বিশ্বকে কলঙ্কিত করে।

টেস্টে দক্ষিণ আফ্রিকার রাজত্ব :

জুন মাসে লর্ডসে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও লড়াই ছিল টানটান উত্তেজনার। ক্রিকেটের লর্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ আসর টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে দক্ষিণ আফ্রিকা।

ফুটবল : ক্লাব বিশ্বকাপে চেলসির রাজত্ব

ফুটবল বিশ্বের নজর ছিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফার নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর দিকে। ৩২টি ক্লাবের এই দীর্ঘ লড়াই শেষে শিরোপা জিতে নেয় ইংলিশ ক্লাব চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা পিএসজিকে ৩-০ গোলে পরাজিত করে। অন্যদিকে ইউরোপীয় ফুটবলে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির আধিপত্য থাকলেও লিওনেল মেসির ইন্টার মায়ামি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিশ্বজুড়ে দর্শকদের বাড়তি উন্মাদনা জোগায়।

দেম্বেলের বছর :

২০২৫ সালে স্বপ্নের মতো সময় পার করেছেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। ফ্রান্সের থিয়েটার দ্য শার্লটে ২২ সেপ্টেম্বর রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৬৯তম ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। যেখানে সবাইকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর জেতেন দেম্বেলে। এরপর বছরের শেষেও বাজিমাত ফরাসি তারকার। ১৭ ডিসেম্বর ডেম্বেলে জেতেন ফিফার বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্ট। এখানে তিনি পেছনে ফেলেন লামিন ইয়ামাল ও কিলিয়ার এমবাপেকে।

টেনিস : সিনার ও আলকারাজের জয়জয়কার

টেনিস কোর্টে ২০২৫ সালটি ছিল তরুণ প্রজন্মের দখলে। ইয়ানিক সিনার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন এবং ঘাসের কোর্টে উইম্বলডন জয় করে নিজের শক্তিমত্তা দেখান। অন্যদিকে ফরাসি ওপেন (রোলাঁ গারো) এবং ইউএস ওপেনের শিরোপা নিজের করে নেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। মেয়েদের এককে আরিনা সাবালেঙ্কা এবং ইগা সোয়াতেক তাদের দাপট বজায় রাখেন, তবে ইউএস ওপেনে সাবালেঙ্কার শিরোপা জয় ছিল বছরের অন্যতম সেরা মুহূর্ত।

অন্যান্য ক্রীড়া :

জাপানের টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে জ্যামাইকান ও আমেরিকান অ্যাথলেটদের দারুণ লড়াই দেখা যায়। পোল ভোল্টে বছরটা ছিল আরমান্দ ডুপ্লান্টিসের। সুইডিশ এই অ্যাথলেট টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬.৩০ মিটার উচ্চতা টপকে বিশ্বরেকর্ড গড়েন। এই বছরেই তিনি চারবার বিশ্বরেকর্ড ভাঙেন।

দ্রুততম মানব-মানবী :

টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেই মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন উডেন। ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সি এই স্প্রিন্টার। অন্যদিকে ২০২৫ সালে দ্রুততম মানব হয়েছে জ্যামাইকার অবলিক সেভিল, যিনি বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এই খেতাব জিতেছেন, সেভিল ৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবের খেতাব জেতেন।

অকাল মৃত্যু ও কিংবদন্তির বিদায় :


পর্তুগাল এবং লিভারপুলের তারকা ফরোয়ার্ড দিয়েগো জোতা মাত্র ২৮ বছর বয়সে স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান (৩ জুলাই)। তার সঙ্গে একই দুর্ঘটনায় মারা যান তার ভাই এবং ফুটবলার আন্দ্রে সিলভা। স্কটল্যান্ড এবং নটিংহ্যাম ফরেস্টের কিংবদন্তি উইঙ্গার জন রবার্টসন, যাকে ফুটবলের ‘পিকাসো’ বলা হতো, তিনি ৭২ বছর বয়সে মারা যান। কিংবদন্তি হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন এবং অলিম্পিক স্বর্ণপদকজয়ী জর্জ ফোরম্যান ৭৬ বছর বয়সে মারা যান (২১ মার্চ)।

সময়ের আলো/এআর

  বিষয়:   উসমান দেম্বেলে  রাজত্ব  কলঙ্কিত ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: