কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. আব্দুল্লাহ (৩৪) এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীররাতে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়া এলাকায় থেকে এ অভিযান চালানো হয়।
আটককৃত আব্দুল্লাহ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মীর আহমেদের ছেলে।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম বলেন, মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং এলাকা থেকে অটোরিকশাযোগে কতিপয় লোকজন মাদকের একটি বড় চালান নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনার খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল কুতুপালং এলাকা থেকে কক্সবাজারগামী সন্দেহজনক অটোরিকশাটিকে ধাওয়া দেয়। অটোরিকশাটি রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় পৌঁছালে বিজিবির সদস্যরা আটকাতে সক্ষম হয়।
এসময় অটোরিকশাটি তল্লাশি চালিয়ে চালকের সামনের বক্স ও সিটের নিচে পাওয়া যায় এক লাখ ৩০ হাজার ইয়াবা। পরে চালকের ছদ্মবেশে ইয়াবা পাচারকারী এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
এফআর