লাখো মানুষের আখেরি মোনাজাতে দেশ ও দুনিয়ায় শান্তি কামনার মাধ্যমে শেষ হলো ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩ দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিল।
শনিবার সকাল ৯টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো লাখো মুসল্লির এই আধ্যাত্মিক মেলা।
সমাপনী বয়ানে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, দুনিয়ার মোহ-ই সব পাপের উৎস। ব্যক্তিজীবনে আর্থিক অনিয়ম থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের যত দুর্নীতি, ফ্যাসিবাদ যা কিছু ঘটে তার কারণও এই দুনিয়ার মোহ। অথচ দুনিয়া খুবই তুচ্ছ একটা জিনিস। হায়াত শেষ হলে পৃথিবীর কোনো সম্পদ কারও কাজে লাগে না। তাই দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে।
বয়ানে তিনি আরও বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে। সুতরাং তাকওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।
এর আগে গত ২৬ নভেম্বর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাইর পীরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু এই মাহফিল।
এ বছর মাহফিলে ৭টি বয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ বয়ান করেন দেশের বিশিষ্ট ওলামায়ে কিরাম।
এফআর