তারেক রহমানের জন্য এসএসএফ চাইবে বিএনপি

রফিক রাফি

প্রথম পাতা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার বড় ছেলে ও দলের

2025-12-03T06:34:11+00:00
2025-12-03T06:34:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
প্রথম পাতা
তারেক রহমানের জন্য এসএসএফ চাইবে বিএনপি
রফিক রাফি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৪ এএম 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এ ছাড়া দেশে তার নিরাপত্তার জন্য এসএসএফ সুবিধা চেয়ে আবেদন করা হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো উপযুক্ত হলে তাকে সেখানে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। সরকারও খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রস্তুতি নিয়ে রেখেছে। সে ক্ষেত্রে তারেক রহমানের দেশে ফিরতে কয়েক দিন দেরি হবে। না হলে শিগগিরই ফিরবেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

তবে অপর একটি সূত্র দাবি করেছে, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারেক রহমানের জন্য এসএসএফ সুবিধা চেয়ে আবেদন করা হয়েছে। এসএসএফ অধ্যাদেশে ‘খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি’কে শারীরিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি বলা আছে। ওই একই অধ্যাদেশে ভিভিআইপি মানে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান ছাড়াও বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধান কিংবা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত অন্য যেকোনো ব্যক্তির কথা বলা হয়েছে বলে আইনজীবীরা বলছেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সময় তার নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন, সবই দিতে প্রস্তুত সরকার। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত। বিশেষভাবে যাদের জন্য স্পেশাল নিরাপত্তা প্রয়োজন, সেই প্রস্তুতিও রয়েছে।’

বিএনপি নেতারা বলছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার ‘ভিভিআইপি’ ঘোষণা করার পর এভারকেয়ার হাসপাতালে তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ সদস্যরা কাজ করতে শুরু করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভিভিআইপি ব্যক্তি। কারণ তিনি দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন সেটা সবাই জানে। তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। তাই সরকার তার নিরাপত্তার জন্য এসএসএফ সুবিধার ব্যবস্থা করা খুবই যৌক্তিক। সেটা হলে তারেক রহমান ঢাকায় বিমানবন্দরে অবতরণের মুহূর্ত থেকেই সেটা কার্যকর হবে। 

তবে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর সময়ের আলোকে বলেছেন, ইতিমধ্যে সরকার খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এসএসএফ সুবিধার ব্যবস্থা করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ফরমালি এখনও এসএসএফ সুবিধা চাওয়া হয়নি। তারেক রহমানের ফেরার সিদ্ধান্ত হলে এসএসএফ সুবিধা চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে। আশা করছি হয়ে যাবে। চলতি সপ্তাহেও আবেদন করা হতে পারে বলে মন্তব্য করেন তিনি। 

এদিকে, বিএনপি নেতারা বলছেন, তারেক রহমান সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সান্নিধ্যে আসতে উন্মুখ হয়ে আছেন। তার মনোভাবটা এমন যে, পারলে এখনই চলে আসেন। দেশি-বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা করছেন। তারেক রহমান তার মাকে লন্ডনে নিয়ে নিজের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা দিতে চান। এ জন্য চিকিৎসকদের অনুমতির অপেক্ষায় রয়েছেন। অনুমতি না পেলে তফসিলের আগেই দেশে ফিরবেন তিনি। গত সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়। সেখানেও খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসার বিষয়ে মতামত উঠে আসে। চিকিৎসকরা অনুমতি দিলে নির্বাচনের তফসিলের আগেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। দলের এক স্থায়ী কমিটির সদস্য সময়ের আলোকে জানান, ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানের দেশে ফেরার জন্য বিএনপি প্রস্তুতি নিচ্ছে। 

দলীয় সূত্র বলছে, তারেক রহমান ডিসেম্বরের ২০ তারিখের মধ্যে দেশে ফিরবেন। দেশে এসে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করবেন। এ আবেদন কমিশন সভায় উত্থাপিত হলে ওনাকে ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারায় ভোটার করতে নির্বাচন কমিশনের কোনো বাধা নেই। পরে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন। তবে ওনাকে নির্বাচন করতে হলে মনোনয়ন দাখিলের আগেই ভোটার হতে হবে। যদি উনি নির্ধারিত সময়ের মধ্যে ভোটার হন তা হলে প্রার্থী হতে কোনো সমস্যা নেই। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য এখনও ‘ট্রাভেল পাস’ চাননি। তার দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে প্রস্তুতি আছে সরকারের। যদি চিকিৎসকরা সেটা মনে করেন, দলের সিদ্ধান্ত হয়, তবে সে অনুযায়ী তা করা হবে হয়তো। 

তারেক রহমানের ফেরার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময়ের আলোকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   তারেক রহমান  এসএসএফ  বিএনপি 


Loading...
Loading...
প্রথম পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: