কুমিল্লার তিতাস উপজেলায় ট্রলি উলটে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন, শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগনের স্ত্রী।
স্থানীয়রা জানান, ওই তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারের দিকে যাচ্ছিল একটি খালি ট্রলি। ট্রলিটি ইমন মিয়ার বাড়ির সামনে এসে উলটে তিতাস নদীতে নারীদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান। সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে কড়িকান্দি গ্রামের এক শিশুসহ ৩ নারী গোসল করতে যান। রাজাপুর থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে চাপা পড়ে তিন নারী নিহত হয়েছেন।
আরআর