বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার মীরগঞ্জ সেতুর ভিস্তিপ্রস্তর উদ্বোধনের পর এই ঘটনা ঘটে।
এ সময় ফুয়াদকে 'ভুয়া-ভুয়া' স্লোগান দিয়ে দিয়ে মিছিল করে বিএনপি নেতারা। পরে ঘটনাস্থল ত্যাগ করেন ব্যারিস্টার ফুয়াদসহ এবি পার্টির নেতাকর্মীরা।
জানা গেছে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালবাথান গ্রামের ছেলে।
এদিকে হেনস্তার অভিযোগ অস্বীকার করে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ জানান, আজ মীরগঞ্জে সেতু উদ্বোধনকালে উপস্থিত দুইজন উপদেষ্টাই উল্লেখ করেছেন, সেতুটি সবার প্রচেষ্টায় নির্মিত হয়েছে। তবে ফুয়াদ বলেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাওয়া হয়েছে। উনি এ মন্তব্য কোনো দলকে নিয়ে বলেনি, এলাকার লোকজনকে নিয়ে বলেছেন। তাই স্থানীয় জনতা এর প্রতিবাদ করেছে। তার বক্তব্যের জন্য তাকে ‘অবাঞ্ছিত’ করা হয়েছে। তবে তাকে কোনো হেনস্তার ঘটনা ঘটেনি।
জানতে চাইলে ভুক্তভোগী ব্যারিস্টার ফুয়াদ বলেন, আজ এই উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল কিছু লোক। যেমনটা হয়েছে মুলাদীতে। ব্রিজটি নির্মাণের জন্য চীনা একটি কোম্পানি টেন্ডার পেয়েছে। তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ আসে। তবে এখানে জেলা উপজেলার কথা বলা হয়নি। ব্রিজটি হলে এলাকার উন্নয়ন হবে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফুয়াদ ও স্থানীয়দের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে, এ ঘটনার পর ব্যারিস্টার ফুয়াদের উপর সন্ত্রাসী হামলা ও হেনস্তা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এবি পার্টি।
বিকেল পৌনে চারটায় দলটির সহকারী প্রচার সম্পাদক ইসলাম আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বরিশালের মীরগঞ্জে সেতুর ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদীনের অনুসারীরারা হামলা করার চেষ্টা ও হেনস্তা করেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি।
এফআর