লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনী জনসভায় আসার পথে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় ১৫টি মাইক্রোবাস।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলার রামগতি উৃপজেলার রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজারসহ কয়েকটিস্থানে এসব হামলার ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিএনপি নেতারা বলছেন, রবং তারাই হামলার শিকার হয়েছেন।
জেএসডি সূত্র জানায়, সোমবার বিকেলে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জেএসডির নির্বাচনি জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সহ-সভাপতি তানিয়া রব।
ওই জনসভায় যোগ দিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে যানবাহনে করে জেএসডির নেতাকর্মীরা রওয়ানা হয়। এতে বিভিন্নস্থানে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, লোকমান হোসেন সম্রাট, মোরশেদ, আরাফাত, আপেল, সম্রাট, কালা, আলমগীর কসাই, ফয়সাল হোসেন, ইবনে হাসান ও তারেকসহ ১৫ জন। তারা রামগতি উপজেলার বাসিন্দা এবং জেএসডির নেতাকর্মী।আহতদের নোয়াখালী ও রামগতির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
রামগতি উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ বিএম আশরাফ উদ্দিন নিজানের লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। গুলিবিদ্ধ আব্দুল মান্নানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের ১৬টি গাড়ি ভাঙচুর করা হয়।
অভিযোগ অস্বীকার করে রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন, জেলা নেতাদের নির্দেশে আমরা নিরব ভূমিকায় ছিলাম। কিন্তু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তানিয়া রবের সহযোগী শরাফ উদ্দিন আজাদ সোহেলের নেতৃত্বে সন্ত্রাসীরা রামদয়াল বাজারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর করেছে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি। তবে কাউকে আটক করা হয়নি।
প্রসঙ্গত, বিএনপি জোটের হয়ে লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) আসনের সংসদ সদস্য প্রার্থী হতে চাচ্ছেন জেএসডির সহ-সভাপতি তানিয়া রব। তিনি জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী। এখানে বিএনপির প্রার্থী হতে চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান। বিএনপির পক্ষ থেকে ওই আসনে এখনও প্রার্থীতা ঘোষণা করা হয়নি। এ নিয়ে দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
সময়ের আলো/এআর