বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। সমাজের নানা ক্ষেত্রে নারীদের স্বীকৃতি ও অবদানের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া হয় বেগম রোকেয়া পদক।
এবার ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে ভূমিকার জন্য ঋতুপর্ণা চাকমা এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন। এছাড়া নারী শিক্ষা খাতে ড. রুভানা রাকিব, শ্রম অধিকার আন্দোলনে ভূমিকার জন্য কল্পনা আক্তার, মানবাধিকার খাতে অবদানের জন্য ড. নাবিলা ইদ্রিস এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশের নারী ফুটবলে তারকা ঋতুপর্ণা চাকমা। তার জোড়া গোলের কারণেই বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারে মতো এশিয়া কাপের মূলপর্বে খেলবে। শুধু এশিয়া কাপই নয়, ঋতুপর্ণার গোলেই গত বছর সাফ ফাইনালে বাংলাদেশ নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
সামাজিক ও পারিবারিক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ঋতুপর্ণা এখন শুধু ক্রীড়াঙ্গন নয়, পুরো দেশেরই অন্যতম এক আইকনে পরিণত হয়েছেন।
আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস। বিগত সময়ে রোকেয়া দিবসে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়নি।
এফআর